বাজার পরিচালনা কমিটির নির্বাচনে উৎসবের আমেজ সভাপতি মুসা-সম্পাদক জাকির
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দীর্ঘ বছর পর বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহি মাহিলাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোঃ মুসা হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির খলিফা বিজয়ী হয়েছেন। ফলাফল ঘোষনার পরপরই বিজয়ী প্রার্থীদের সমর্থকরা বিজয় মিছিল বের করে পুরো বাজার প্রদক্ষিণ করেছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটার (ব্যবসায়ী), প্রার্থীদের সমর্থক, উৎসুক জনতা, আইনশৃংখলা বাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, ওসি মোঃ ইউনুস মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু সহ প্রশাসনের কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে বাজার পরিচালনা কমিটির নির্বাচন করতে পারায় প্রতিদ্বন্ধি প্রার্থী ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একাধিক ভোটাররা জানিয়েছেন, বাজার নির্বাচনে ভোটের এমন পরিবেশ আগে কখনো দেখিনি। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। বাজারের উন্নয়নে নবনির্বাচিত কমিটির কাজ করবে বলেও ব্যবসায়ীরা উল্লেখ করেছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মাহিলাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির জানিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ মুসা হাওলাদার ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ শাহজাহান সিকদার পেয়েছেন ১০৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির খলিফা ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মিরাজুল ইসলাম ৮৫ ভোট পেয়েছেন। এছাড়াও সহসভাপতি পদে আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ, মাহিলাড়া বাজার পরিচালনা কমিটি নির্বাচনের তফসিল ঘোষনার দীর্ঘ একমাস পর শনিবার সকাল নয়টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে ভোট চলে বিকেল তিনটা পর্যন্ত। নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী বিভিন্ন পদে স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্ধিতা করেন। এরমধ্যে সভাপতি পদে ৫জন, সহসভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে ভোটগ্রহন চলছে। এছাড়াও ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাজারের ৪০২ জন বৈধ ভোটারের ৩৭৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































